বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে। ঢাকা পর্বের বিপিএল টি-টোয়েন্টি ম্যাচের উদ্বোধনী খেলার টিকিট বুধবার (০৪ জানুয়ারি) থেকে কিনতে পারবে দর্শকরা।

এবারের লীগে সাতটি দল অংশ নিচ্ছে। ঢাকা থেকে শুরু করে তিন ধাপে অনুষ্ঠিত হবে এই আসর। এরপর চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে খেলা শেষে চূড়ান্ত পর্বটি হবে ঢাকায়।

টিকিট কাউন্টারগুলো সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে এবং ম্যাচের দিন টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য পাঁচটি ভিন্ন মূল্যের হারে সাজানো হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য এক হাজার ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডে এক হাজার টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডে ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

দুটি স্থানে টিকিট পাওয়া যাবে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন টিকেট বুথ। এই বছর বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ১২টি এবং সিলেট ৮টি। দলগুলো ইতোমধ্যেই এই বহুল প্রত্যাশিত টি-টোয়েন্টি লিগের জন্য প্রস্তুতি শুরু করেছে।

এবিএস