সুয়ারেজের হ্যাটট্রিকে এইবারের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। দলের জয়ে নেইমারের অবদানও কম ছিল না। উরুগুইয়ান তারকাকে দুটি গোল যে নেইমারই করিয়েছেন।
আর এই জয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট সমান করেছে বার্সেলোনা। ৯ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ২১। যদিও গোল গড়ে শীর্ষস্থানটা রিয়ালেরই।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে এইবারের বিপক্ষে জয়টা মোটামুটি বড় ব্যবধানের হলেও ম্যাচের শুরুতে কিন্তু বার্সাই পিছিয়ে পড়েছিল।
দশম মিনিটে ক্যাম্প ন্যুয়ের ৭৮ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে এইবারকে ১-০ গোলে এগিয়ে দেন বোরজা বাস্টন। প্রথমে কেকোর শট বার্সার গোলরক্ষক ক্লাদিও ব্রাভো ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার বোরজা।
অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। ২১ মিনিটে সুয়ারেজের গোলে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা। গোলটিও ছিল দারুণ। সার্জিও বুস্কেটস ক্রস দেন সান্দ্রো রামিরেজকে। আর রামিরেজের ভলিতে বাড়ানো বলে হেড করে জালে জড়িয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেন সুয়ারেজ। ৪৮ মিনিটে নেইমারের পাস থেকে লক্ষ্যভেদ করে নিজের জোড়া গোল পূরণ করেন উরুগুইয়ান তারকা। পরে ৮৯ মিনিটেই বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন সুয়ারেজ।
এআই





