কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজে ২-০তে জয় নিশ্চিত করেছে স্বাগতিক লঙ্কানরা। এবার হোয়াইটওয়াশের অপেক্ষায়।
সিরিজের শেষ ম্যাচটি জিততে আশাবাদী তামিম বলেন, ‘আমরা সিরিজ হেরে গেছি। নিজেদের আত্মতৃপ্তির জন্য হলেও শেষ ম্যাচটি জেতা উচিত। দেশে সবাই প্রত্যাশা করছে অন্তত একটা জয় নিয়ে ফেরার।’
প্রথম ম্যাচ ৯১ রানে এবং দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে সেই দুই ম্যাচে ভালো কিছু করার সুযোগ ছিল বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘প্রথম দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল, চাইলে তা কাজে লাগাতে পারতাম। কিন্তু আমরা নিজেদের ভুলেই সেটা পারিনি। ভুলগুলো শুধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
আগের দুই ম্যাচে নিজেদের ভুলগুলো নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম দুই ম্যাচে তিন বিভাগেই বাজে খেলেছি। ব্যাটিংয়ে ভালো শুরু আশা করেছিলাম, তেমনটা পারিনি। আবার বোলিংয়েও তেমন কিছু করতে পারিনি। ফিল্ডিং ছিল বাজে। তাই আমরা প্রত্যেকেই ব্যর্থতার জন্য দায়ী। শেষ ম্যাচে কিছু পেতে হলে তিন বিভাগকেই ভালো করতে হবে।’
তবে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা। সিরিজ হাত ছাড়া হলেও হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই খেলবে তারা। আর বাংলাদেশের একাদশে থাকবে কিছু পরিবর্তন। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় নিয়েই দেশে ফিরতে চায় টাইগাররা।
এএস





