২০১৪-১৫ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রোববার আবাহনী লিমিটেডকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় ক্লাবটি।
এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৬০ রান জমা করতে পারে আবাহনী। জবাবে ২৭.৩ ওভারে ৯ উইকেট হাতে থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
আবাহনীর নাসির হোসাইন সর্বোচ্চ ৫৫ রান করেছেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।
এদিকে দুর্দান্ত খেলেছেন অল রাউন্ডার সৌম্য সরকার। বল হাতে দুটি উইকেট শিকার করা এই ক্রিকেটার ব্যাট হাতে করেছেন ৯১ রান।
এদিকে রানার্স-আপ হয়েছে প্রাইম দোলেশ্বর। পঞ্চম ও শেষ রাউন্ডের ম্যাচে বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডানকে ৩ উইকেটে হারিয়েছে দোলেশ্বর।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে মোহামেডান। জবাবে মেহেদী মারুফ ও রনি তালুকদারের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর।
জেডআই





