আগামী ১৬ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সর্বশেষ প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল তারা। এতে আয়ারল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৭৯ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান সংগ্রহ করতে পারে আয়ারল্যান্ড। এদিন আইরিশ দলনেতা পোর্টফিল্ড সর্বোচ্চ ৪৪ রান করেন। ওপেনার হিসেবে খেলতে নেমে ষষ্ঠ উইকেটে মাঠ ছাড়ার আগে ৪৪ বলে এই স্কোর করেন তিনি।
শেষ দিকে ১৯ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রান করে বিদায় নেন স্টুয়ার্ট থম্পসন। বাংলাদেশের বোলার সাকিব ও মাশরাফি দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে প্রথম উইকেট হারানোর পর চাপে পড়ে যায় বাংলাদেশ। ১০.১ ওভারে যখন তাদের তৃতীয় উইকেটের পতন হয়, তখন দলীয় সংগ্রহ মাত্র ৬৩ রান।
এরপর সাকিবের সঙ্গে যোগ দেন অধিনায়ক মুশফিক। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন তিনি। বসে থাকার পাত্র নয় সাকিব। একইভাবে এগিয়ে যেতে থাকেন এই অল রাউন্ডার। তাই দুই জনের কাছে পরাস্ত হয় আয়ারল্যান্ডের বোলাররা। বোলারদেরকে বেধড়ক পিটিয়ে আর কোনো উইকেট না হারিয়ে ৯.৫ ওভারে ১১৬ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। তাদের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
৩২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন সাকিব। তার সঙ্গে ৩০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৫৯ রানের ইনিংস খেলেন মুশফিক।