ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথমে ব্যাট হাতে মাঠে নামতে হয় তাদেরকে। জিম্বাবুয়ের বোলারদের তোপে ৫০ ওভারও ব্যাট করতে পারেনি হাশিম আমলারা। কিন্তু সেই ম্যাচেও ৬১ রানে জিতল তারা। এতে বোনাস পয়েন্টও পেয়েছে তারা।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন হাশিম আমলা ও ডি কক। উদ্বোধনী জুটিতেই শতরান পার করেন তারা। এগিয়ে যান সার্ধশত স্কোরের দিকে। কিন্তু ১৪২ রানে আমলা আউট হয়ে গেলে এই জুটির পতন হয়। উৎসেয়ার বলে টেইলরের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন তিনি। মাঠ ছাড়ার আগে ৬৬ রান করেন এই ব্যাটসম্যান।

এরপর দলীয় ১৪৭ রানে ডি কক আউট হলে তাদের দ্বিতীয় উইকেটের পতন হয়। শুরু হয় উইকেট পতনের পালা। রুশো ও মিলারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন উৎসেয়া। ডি কক করেন ৭৬ রান। এটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এরপর ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে ৪৯.৫ ওভারে ২৩১ রানের বেশি এগুতে পারেনি দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বোলার উৎসেয়া ৫টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ৩৮.৩ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ১৭০ রান সংগ্রহ করতে পারে তারা। উইলিয়ামসের ৪৬ ও সিকান্দার রাজার ৩৫ রানই উল্লেখযোগ্য। দক্ষিণ আফ্রিকার বোলার ম্যাকল্যারেন ও ডেইল স্টেইন তিনটি করে উইকেট পান। দুটি উইকে নেন ফাঙ্গিসো।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর একটি করে জয় ও পরাজয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই হেরে তলানিতে রয়েছে জিম্বাবুয়ে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই