ইংল্যান্ড বিশ্বকাপে আজ (০৪ জুলাই) দিনের একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে আফগানিস্তান।
লিডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়)। দুই দলই ইতোমধ্যে বিদায় নিয়েছে। তাই এটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। ৮ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ এখন নবম অবস্থানে রয়েছে।
ক্যারিবীয়রা তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও পরে একটিতেও জয় পায়নি। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে এক পয়েন্ট পায় তারা।
অন্যদিকে, ৮ ম্যাচ শেষে শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে আফগানিস্তান। তারা একটিতেও জয় পায়নি। সুতরাং, আজই তাদের শেষ সুযোগ এই বিশ্বকাপে জয় তুলে নেয়ার। এই দুই দলই বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল।
আজ ম্যাচেই এক বিরাট মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। আজ ব্যাট হাতে আর ১৮ রান যোগ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হবেন তিনি।
২৯৫ ম্যাচে ২৮৫ ইনিংসে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার সংগৃহীত রানসংখ্যা ১০,৩৪৮। বৃহস্পতিবার ম্যাচের আগে অবধি ২৯৪ ম্যাচে ২৮৭ ইনিংসে গেইলের সংগৃহীত রান ১০,৩৪১।
এমবি





