বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি জানিয়েছেন।

শ্বাসকষ্ট নিয়ে চলতি মাসের শুরুতে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন সাবেক এই কোচ। কিন্তু কিছুদিন না যেতে আবার স্বাস্থ্যের অবনতি ঘটলে ফের হাসপাতালে নিতে হয় তাঁকে।

দ্বিতীয় দফায় হাসপাতালে নেওয়ার পর অবস্থার আরো অবনতি হয়। এরপর নিতে হয় ভেন্টিলেশনে। গত কয়েকদিন ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত আজ না ফেরার দেশে পাড়ি জমালেন।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ছিলেন জালাল আহমেদ। ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে। ক্রিকেট শেষে শুরু করেন কোচিং ক্যারিয়ার। বাংলাদেশের প্রথম ক্রিকেট প্রশিক্ষক হিসেবে ভারতের পাতিয়ালায় উচ্চতর কোচিংয়ের ওপর ট্রেনিং করেন তিনি।

এমবি