অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে দুর্দান্ত গতিতে ছুটছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে শ্রীলংকাকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দ ধরে রেখেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

আক্রমণাত্মক ফুটবল খেলে লঙ্কানদের ৭-১ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজদের দল। যাতে একাই চার গোল করেছে ফরোয়ার্ড আল আমিন।

ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলোদেশ। সতীর্থের পাস পেয়ে ডি-বক্স থেকে বল ঠিকানায় পাঠায় আল আমিন সরকার। ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ অধিনায়ক রাকিবুল ইসলাম। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে স্কোরলাইন ৩-০ করে আল আমিন।

এ নিয়ে এই সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান শিরোপাধারীরা।

আজকের ম্যাচে জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। কিন্তু কিছু ভুলে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তবে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়ে ৭-১ গোলের ব্যবধানে পাওয়া জয়টিও কম কিসে।

এএস