২৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন ওপেনার সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ২৮ রান যোগ করেছিলেন তারা। তাদের ব্যাটেই ১০ ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫১। নানগেলিয়া খারোটে ১২তম ওভারে প্রথমবার আক্রমণে এলে তাকে মেরে খেলতে যান সাইফ। কিন্তু তার ফ্লাইটেড ফুলার লেংথের ডেলিভারি ঠিকমতো ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি। রশিদ খানের কাছে ক্যাচ দিয়ে অভিষেক ম্যাচে আউট হয়েছেন ২৬ রানে। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি চার। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৫৩ রানে।

দ্রুত ফিরলেন শান্তও

তানজিদ হাসানের বিদায়ের পর নতুন নামা নাজমুল হোসেন শান্ত বেশি সুবিধা করতে পারেননি। এক ওভার পর ওমরজাইর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। অবশ্য শান্ত আলগা শট খেলেই বিদায় নিয়েছেন। একেবারে সহজ ক্যাচ তুলে দেন শহীদীর কাছে। ৫ বল খেলে শান্ত আউট হন ২ রানে।

ওমরজাইর শিকার তানজিদ

অভিষিক্ত সাইফ হাসানের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ হাসান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। দলের ১৮ রানে চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইর শিকার হয়ে ১০ রানে ফিরেছেন। তার ১০ বলের ইনিংসে ছিল দুটি চার।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের শতভাগ সাফল্যের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টি–টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। এশিয়া কাপেও সুপার ফোরে পৌঁছে গিয়েছিল। যদিও ওয়ানডেতে চিত্রটা একেবারেই উল্টো।

গত বছরের নভেম্বর থেকে টানা তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল এই আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় এসেছিল ২০২৪ সালের মার্চে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে।

একাদশে কারা

টি-টোয়েন্টি সাফল্যে ব্যাট হাতে অন্যতম পারফর্মার ছিলেন ওপেনার সাইফ হাসান। ওয়ানডেতে আজ তার অভিষেক হচ্ছে। আফগান দলেও অভিষেক হচ্ছে পেসার বশির আহমেদের।

বাংলাদেশ একাদশে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাঈম শেখ ভিসা জটিলতায় এখনও যেতে পারেননি। তাছাড়া ২০২৩ সালের পর ওয়ানডে খেলতে নামছেন নুরুল হাসান সোহান। ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নানগেলিয়া খারোটে, এএম গজনফর ও বশির আহমেদ।

এমএম