ব্রাজিল বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে ইরান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বসিনয়া-হার্জেগোবিনার কাছে ৩-১ গোলে হেরে গেছে এশিয়ান দেশটি। ফলে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের সবচেয়ে নিচের দল হিসেবে আসর থেকে বিদায় নিয়েছে ইরান। জয় দিয়ে এবারের মত বিশ্বকাপ মিশন শেষ করেছে বসনিয়া।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। গ্রুপ পর্বে দুই দেশেরই এটি ছিল শেষ ম্যাচে। নক আউট পর্বের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইরানের। কিন্তু এশিয়ান দলটিকে হতাশ করে ৩-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে প্রথম দুই ম্যাচে কোন পয়েন্ট না পাওয়া বসনিয়া। ম্যাচের ২৩ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে যায় বসনিয়া। এই গোলের ওপর ভর করে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইউরোপিয়ান দেশটি।
বিরতির পর ৫৯ মিনিটে আবারও এগিয়ে যায় বসনিয়া-হার্জেগোবিনা। দলের হয়ে এবারে গোল করেন পিরালেম পানিক। ৮২ মিনিটে রেজা ঘুচানেজাদের গোলে ম্যাচে ফেরার চেস্টা করে ইরান। কিন্তু এক মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণ থেকে আভাদিজা ভাজেভিক গোল করলে বসনিয়াননদের জয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ইরানকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে বসনিয়া। অন্যদিকে, হতাশা সঙ্গী করেই দেশের পথ ধরেছে ইরান।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





