সামারা অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি ব্রাজিল ও মেক্সিকো। দুটি জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠে ব্রাজিল। আর দুই জয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে পিছনে ফেলে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ ষোলোয় ওঠে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে দলের সেরা খেলোয়াড় নেইমার পুরোপুরি ছন্দে ফিরেছে বলে আগের দিনের সংবাদ সম্মেলনে জানান কোচ তিতে। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। আলো ছড়িয়েছেন ফিলিপে কৌতিনিয়ো; গ্রুপে করেছেন দুটি গোল।

ডিফেন্ডার মার্সেলোকে পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের শুরুর দিকে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান এই লেফট-ব্যাক।

ব্রাজিল একাদশ: আলিসন, ফাগনার, চিয়াগো সিলভা, মিরান্দা, ফিলিপে লুইস, পাওলিনিয়ো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, উইলিয়ান, গাব্রিয়েল জেসুস, নেইমার।

মেক্সিকো একাদশ: গিলের্মো ওচোয়া, এদসন আলভারেস, উগো আইয়ালা, কার্লোস সালসেদো, হেসুস গাইয়ার্দো, এক্তর এররেরা, রাফায়েল মার্কেস, আদ্রেয়াস গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের এরনান্দেস, ইয়ার্ভিং লোসানো।

এমআর