আইসিসির পুন:সংস্কার বিষয়ক আর্থিক ও বাণিজ্যিক কমিটির খসড়া প্রস্তাব নির্বাহী কমিটির সভায় উত্থাপন না করতে আহ্বান জানিয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দুবাইয়ের সভায় প্রস্তাবটি উত্থাপনের কথা ছিল।
'বিগ থ্রি' খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ক্ষমতা ছেড়ে দেয়ার খসড়া প্রস্তাব তৈরি করে আইসিসির আর্থিক ও বাণিজ্যিক কমিটি। এটি ফাঁস হওয়ার পর থেকে এটা নিয়ে তীব্র বিরোধিতা করে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডও ছিল।
মঙ্গলবার খসরা প্রস্তাবটি উত্থাপনের আগে সোমবার রাতে এই নিয়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা করে 'বিগ থ্রি'। প্রস্তাবটি পাস করতে অন্যদেরকে রাজি করানোর জন্য অর্থ প্রলোভনসহ বিভিন্ন বোর্ডকে চাপ দেয় তারা। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন বাংলাদেশের সভাপতি নাজমুল হাসান পাপনকে চাপ দেয় যে, বাংলাদেশ তাদের পক্ষে না গেলে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে তারা অংশগ্রহণ করবে না।
এছাড়া জিম্বাবুয়েকে অর্থ প্রলোভন দেখায় ভারতসহ তার মিত্ররা। কিন্তু রাতভর চেষ্টা করার পরও সাতটি বোর্ডের সমর্থন আদায় করতে না পারায় এই প্রস্তাব উত্থাপন থেকে আপতত ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ বিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, 'পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তাবটির জোর বিরোধিতা করেছে।'
আইসিসির এ প্রস্তাবটি পাস হতে নূন্যতম সাতটি পূর্ণ সদস্যদেশের সমর্থন লাগবে। আর আইসিসির সংবিধানের কোনো বড় পরিবর্তন আনতে আটটি দেশের সমর্থন লাগে।
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে শুরু থেকেই নিউজিল্যান্ড ছিল। জিম্বাবুয়ে কোনো মন্তব্য না করায় তাদের সঙ্গেই হাত মিলাবে বলে খবর প্রকাশ করে ভারতের সংবাদমাধ্যম। এরপর দক্ষিণ আফ্রিকাকেও তাদের সঙ্গে সমান ক্ষমতা দেয়ার প্রলোভন দেখায়। কিন্তু প্রস্তাবটি সফলতার মুখ দেখার সম্ভবনা না দেখায় আপতত অন্য চিন্তা করছে 'তিন দাদা'। সূত্র:ক্রিকইনফো
ঢাকা,২৮জানুয়ারি(টাইমনিউজবিডি)//.জেডআই