আইসিসি ২০১৫ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে টানা জয় পেল পাকিস্তান।

বুধবার ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৯ রানে জিতেছে পাকিস্তান।

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে পাকিস্তান। জবাবে আট উইকেট হারিয়ে মাত্র ২১০ রান সংগ্রহ করতে পারে আমিরাত।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সংযুক্ত আরব আমিরাত। তবে খুররাম খান ও শামিম আনোয়ার ৮৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি এনে দেন।

তবে ৪৩ রান করে খুররাম বিদায় নেয়ার পর ৬২ রান করে মাঠ থেকে বিদায় নেন শামিম।

ক্রিজে এসে রানের খাতা খোলার আগে রুহান মোস্তফা বিদায় নিলেও পাটিল ও আমজাদ দলের হাল ধরেন। তাদের জুটি থেকে আসে ৬৮ রান। পাটিল ৩৬ রান নিয়ে বিদায় নেয়ার পর আমজাদ আউট হন ৪০ রানে।

পাকিস্তানের বোলার সোহাইল খান, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি দুটি করে উইকেট পান।

এর আগে খেলতে নেমে দলীয় ১০ রানের মধ্যে এক উইকেট হারিয়েছে পাকিস্তান। গুরুজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার নাসির জামশেদ (৪)।

জামশেজেদের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েছেন আহমেদ শেহজাদ ও হারিস সোহেল। এই জুটিতে দলীয় স্কোরে যুক্ত হয়েছে ১৬০ রান। মোহাম্মদ নাভিদের বলে সোহেল আউট হলে জুটি ভেঙেছে। সাজঘরে ফেরার আগে ৭০ রান করেছেন সোহেল। অসাধারণ খেলেছেন শেহজাদ। তবে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে ব্যক্তিগত ৯৩ রানে রানআউট হয়েছেন এই ক্রিকেটার।

অবশ্য বড় স্কোর গড়তে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। সোহেল মাকসুদের ৪৫ ও অধিনায়ক মিসবাহ উল হকের ৬৫ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছিল তারা।

আরব আমিরাতের সেরা বোলিং গুরুজের। আট ওভারে ৫৬ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন তিনি।

জেডআই