রোববার ভোরে ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। জয়ের মূল নায়ক আবারও লিওনেল মেসি। প্রথমার্ধে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হ্যানি মুখতার।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

এর আগের ম্যাচেই এমএলএস ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন মেসি। এবার সেই রেকর্ডকে আরেক ধাপ বাড়িয়ে পাঁচ ম্যাচে জোড়া গোলের অনন্য কীর্তি গড়লেন। মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন ও এবার ন্যাশভিল- সব প্রতিপক্ষই দেখেছে এলএমটেনের দুর্দান্ত ফিনিশিং।

এছাড়া, ফ্রি-কিক গোলেও মেসি নতুন এক মাইলফলকে পৌঁছেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার ৬৯তম ফ্রি-কিক গোল, যা তাকে এ বিভাগে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা করেছে। ২০১৮ সালের পর এই নিয়ে তার ৩৫টি ফ্রি-কিক গোল, যেখানে পেনাল্টি থেকে করেছেন ৩৩টি।

বর্তমান এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে মেসির গোল সংখ্যা ১৫টি, পাশাপাশি রয়েছে ৬টি অ্যাসিস্ট। অর্থাৎ দলীয় ২১ গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি।

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোল সংখ্যা গিয়ে ঠেকেছে ৮৭২-এ।

সাফল্যে ভরপুর এই মেসির গল্প যেন থামছেই না। বয়স বাড়ছে, কিন্তু গোলের ক্ষুধা ততোধিক বেড়েই চলেছে!

এনএইচ