আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র প্রশাসনিক, প্রতিযোগিতা ও আর্থিক বিষয়ক সংস্কার প্রস্তাবটি পাস হওয়া সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন।
শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পুন:সংস্কারের খসড়া প্রস্তাবটি ভোটাভুটিতে উত্থাপন করা হয়। কিন্তু এতে শ্রীলংকা ও পাকিস্তান ভোট দানে বিরত থেকে আরো আলোচনার জন্য সময় চায়। কিন্তু বাকি আটটি সদস্য বোর্ডের সমর্থনে প্রস্তাবটি পাস হয়।
ফলে আইসিসির প্রধান হিসেবে চেয়ারম্যানের পদ সৃষ্টি হয়েছে। আর প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীনিবাসন। ২০১৪ সালের জুলাই থেকে পরবর্তী দুই বছর অন্তর্বর্তীকালীন সময় হিসেবে এই পদে থাকবেন তিনি।
এদিকে সদ্য গঠিত নির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস এবং আর্থিক ও বাণিজ্য বিষয়ক কমিটির প্রধান হবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ক।
প্রাথমিকভাবে আগামী দুই বছর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। এই অন্তর্বর্তীকালীন সময় পার হলে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর পরিচালকরা নতুন আইসিসির চেয়ারম্যান নির্বাচন করবে। উভয় উপ-কমিটিতে বিসিসিআই, সিএ ও ইসিবির একজন করে মোট পাঁচ জন প্রতিনিধি থাকবে। বাকি দুইজনকে আইসিসি বোর্ড নির্বাচন করবে।