ধীর গতির ওভার রেটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে আর খেলতে পারছেনা না জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতি এ কথা জানিয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সময় বিবেচনায় নিলে জিম্বাবুয়ে তিন ওভার কম করেছে। এ কারণেই আইসিসি ম্যাচ রেফারি রোশান মহানামা দুই ম্যাচের জন্য চিগুম্বুরাকে নিষিদ্ধ করেছেন।
একই সঙ্গে দলের প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। (১০ শতাংশ প্রথম দুই ওভারের জন্য এই ২০ শতাংশ তৃতীয় ওভারের জন্য)।
ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ার আলিম দার ও রাসেল টিফিন, থার্ড আম্পায়ার আহমেদ শাহাব এবং রিজার্ভ আম্পায়ন শোহজাব রাজা চিগুম্বুরার বিপক্ষে এই অভিযোগ উত্থাপন করেন।
প্রথম ম্যাচে পাকিস্তান ৪১ রানে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি লাহোরের একই ভেন্যুতে শুক্রবার ও রোববার অনুষ্ঠিত হবে।
আইসিসি আরো জানিয়েছে চিগুম্বুরা যেহেতু অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তাই এখানে আর আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন নেই। সিরিজের বাকি ম্যাচগুলোতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন হ্যামিল্টন মাসাকাদজা।
জেডআই





