আইপিএল, বিপিএলের আদলে ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছেন সম্প্রতি পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানো মোহাম্মদ আশরাফুল।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন তিনি। আর সেজন্য আফগানিস্তান প্রিমিয়ার লিগকে (এপিএল) প্লাটফর্ম হিসেবে নিতে চান।
ক্রিকবাজকে আশরাফুল বলেন, 'যদি এপিএলে কোনো দল আমাকে ড্রাফট থেকে পছন্দ করে তবে আমি অংশ নিতে মুখিয়ে আছি। আমি আশা করছি যে, ড্রাফটে থাকব। যদি আমি দল পেয়ে যাই তবে তা আমার জন্য রোমাঞ্চকর হবে। এ প্ল্যাটফর্ম সম্প্রতি আমার ফিটনেস ও ফর্ম নিয়ে যে অনেক প্রশ্ন উঠেছে তার উত্তর দিতে সহায়তা করবে।'
আশরাফুলের লক্ষ্য এখন জাতীয় দলে ফেরা, স্বপ্ন ২০১৯ বিশ্বকাপ খেলা।
'কোনো সিরিজের চিন্তা আমি করিনি। তবে হ্যাঁ, বিশ্বকাপের স্বপ্ন আমি দেখি।'
২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে আশরাফুলের নাম। পরের বছর বিপিএল এন্টি করাপশন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই বছর সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল ওই সাজা কমিয়ে পাঁচ বছর করে।
এসএম





