বাংলাদেশ ক্রিকেট দলকে উত্তর আরব সাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় শাহীনের কারণে ওমানে যেতে বেশ বেগ পেতে হয়েছে।

গত রোববার ( ৩ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে মাসকটের উদ্দেশে রওয়ানা করার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের জন্য ফ্লাইট পিছিয়ে যায় প্রায় ২ ঘণ্টা।

শেষ অব্দি ওইদিন রাতেই মাসকটের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল।

গতকাল ৪ অক্টোবর (সোমবার) ১ দিনের কোয়ারেন্টিন শেষে সূচি অনুযায়ী অনুশীলন শুরু কথা টাইগারদের আজ।

আজ মঙ্গলবার ( ৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টায় অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই ২ সপ্তাহ আগে ওমানে যাওয়া ডমিঙ্গো শিষ্যদের।

যদিও সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এই ২ জন দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর।

এর আগে ৪ দিন অনুশীলন শেষে আরব আমিরাত যাবে দল। সেখানে রয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।

এই দুটি ম্যাচে সাকিব-মোস্তাফিজকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। ম্যাচ দুটি খেলে ফের ওমানে ফিরবে দল।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

এইচএন