বিশ্বকাপ ট্রফি জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশে ফিরেই বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশ করেছেন বিশ্বজয়ী দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিমানবন্দর থেকে বের হওয়ার পথে বলেন সাকিব বলেছেন, “ভারতকে হারানোর অনুভূতিটা অসাধারণ। দুইবার হেরেছি, এবার বিশ্বকাপের ফাইনালে জিতেছি এটা দারুণ অনুভূতি। এ ছাড়া বিশ্বকাপ জিততে পারায় আমাদের দেশের সবাই খুশি। আমাদের জন্য অনেকে এখানে এসেছে। এমন অনুভূতি আগে কখনো হয়নি। এটা সত্যি অসাধারণ মুহূর্ত”।
গত ০৯ ফেব্রুয়ারি (রোববার) দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের বিশ্বকাপজয়ী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ।
প্রথম বিশ্বকাপ জয়, স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আনন্দের মাত্রা অনেক বেশি। সে জন্যই যুবাদের স্বাগত জানাতে হাজির হয়েছেন ক্রিকেট ভক্তরা। ভক্তদের এমন উল্লাসে মুগ্ধ ক্রিকেটাররাও।
দলের সদস্য শামীম হোসেন বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এখানে এসে সবাইকে দেখে আরো আনন্দ হচ্ছে। চেষ্টা করব সাফল্য বজায় রাখতে।”
এছাড়া যুবাদের সাফল্য নিয়ে আকরাম খান বলেন, “ওরা অনেক কষ্ট করেছে। সেটার ফলও পেয়েছে। আমরা সবাই অনেক খুশি। তাই ওদের স্বাগত জানাতে এসেছি।”
দলের পেস বলিং কোচ বলেন, আমাদের প্রতিটি খেলা গুরুত্বপূর্ন ছিলো। তবে ফাইনালের পরিকল্পনাটা অন্য ম্যাচগুলো সম্পূর্ণ আলাদা ছিলো। তিনি বলেন, আমি আমার এই পুরো টিমের প্রতি আশাবাদী।
ভারতের সাথে এর আগে ফাইনালে তিনটি ম্যাচ হারের ঘটনা কোনো চাপ সৃষ্টি করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে আমরা ভরেতের সাথে হারতে চাইনি। আমরা সেটিই করেছি।
যুবাদের হাত ধরে প্রথম কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। যুবাদের এই সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন ক্রিকেট ভক্তরা।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগার যুবাদের বহনকারী বিমানটি।
বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় বিসিবির অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু যুবারা আসার ঘণ্টা খানেক আগেই বিমানবন্দরে হাজির টাইগার ভক্তরা।
এমবি





