জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭ রানে অলআউট হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মাত্র এক রানের ব্যবধানে ক্যারিবীয়রা রেকর্ড সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচে, যা হয়েছিল ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সিরিজে টানা তৃতীয় জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক অবিশ্বাস্য বোলিং করেন। প্রথম ওভারেই তিনটি উইকেট নিয়ে ধস নামান এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত তিনি মাত্র ৯ রানে ৬ উইকেট শিকার করেন। আর স্কট বোল্যান্ড টেস্ট ইতিহাসের দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন।
মাত্র ১৪.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায়। টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বনিম্ন ওভার খেলে অলআউট হওয়ার রেকর্ড। ক্যারিবীয়দের প্রথম ছয় ব্যাটার মিলে করেন মাত্র ৬ রান, সাত ব্যাটার শূন্য রানে ফেরেন। কেবল সপ্তম ব্যাটার জাস্টিন গ্রিভস দুই অঙ্কের ঘরে পৌঁছান (১১ রান)।
ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২২৫ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অজিরা থামে ১২১ রানে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। তাড়া করতে নেমে মাত্র ২৭ রানেই গুটিয়ে যায় চেজের দল।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, এ হার “হৃদয়বিদারক ও বিব্রতকর”।
সিরিজের তিন টেস্টেই অস্ট্রেলিয়া জয় পেয়েছে যথাক্রমে ১৫৯, ১৩৩ এবং ১৭৬ রানে। প্রতিটি ম্যাচেই ক্যারিবীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে স্টার্ক-বোল্যান্ডদের তোপে।
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৪৭ রান, সেটিও হয়েছিল জ্যামাইকার এই মাঠেই। এবার সেই রেকর্ড ভেঙে আরও লজ্জার নতুন অধ্যায় রচনা করল রোস্টন চেজের দল।
এনএইচ