দ্য ইন্ডিপেন্ডেন্টের দেখা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা ৫৬ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ‘ক্রিমিনাল মিসম্যানেজমেন্ট’ বা অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে উয়েফা।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ফিফার প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা। এর আওতায় বিশ্বকাপের বাণিজ্যিক ব্যবসার ২০ শতাংশ অংশ, যা প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো।
উয়েফার দাবি, এই মূল্যায়ন ছিল ‘অযৌক্তিকভাবে কম’। তাদের অভিযোগ, প্রস্তাবটি কোনো উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে তৈরি হয়নি এবং স্বাধীন কোনো মূল্যায়নকারীও এর বাজারমূল্য যাচাই করেনি।
নথিতে আরও বলা হয়েছে, ইনফান্তিনোসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই প্রক্রিয়া থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। এ কারণে ফিফার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উয়েফা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট স্বার্থ রাখে বলে দাবি করেছে সংস্থাটি।
এফএফই পরিকল্পনার সম্ভাব্য প্রধান বিনিয়োগকারীদের একজন ছিলেন থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। পরিকল্পনাটি সামনে আসার পর ইউরোপীয় ফুটবলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি ফিফার বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতা বর্জনের হুমকিও দিয়েছিল উয়েফা।
শেষ পর্যন্ত গত মাসে পরিকল্পনাটি ভেস্তে যায়। এরপর বুধবার উয়েফা জানায়, ফিফার কাছ থেকে তারা ‘আশ্বাস’ পেয়েছে যে ভবিষ্যতে নিজেদের প্রতিযোগিতার বাণিজ্যিক অংশীদারত্ব এভাবে বিক্রির চেষ্টা করা হবে না। সেই আশ্বাসের পর বিশ্বকাপ বর্জনের হুমকি থেকে সরে আসে তারা।
তবে আইনি পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি বাদ দেয়নি উয়েফা। চলতি মাসের শুরুতেই ইনফান্তিনোকে তারা সতর্ক করেছিল, এফএফই পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা, সালিশি প্রক্রিয়া কিংবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করার কথা বিবেচনা করছে।
এমএম