২০২২ সালে শীতকালেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। এতে কোনো ক্লাবের ক্ষতি হলেও তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

একই সঙ্গে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এজন্য কোনো ক্ষমাও চাওয়া হবে না।

ফিফা টাস্কফোর্স জানিয়েছে, কাতারের উচ্চ তাপমাত্রা থেকে বাঁচতে শীতকালেই বিশ্বকাপ আয়োজন করতে হবে।

ফিফা সাধারণ সম্পাদক জেরোম ভালকে বলেছেন, "কোনো ধরনোর ক্ষতিপূরণ দেয়া হবে না। নিজেদেরকে গুছিয়ে নিতে তাদের হাতে এখনও সাত বছর সময় আছে।"

আগামী মাসে ফিফার কার্য নির্বাহী কমিটি জুরিখে এক সভায় মিলিত হবে। সেখানে ঠিক করা হবে টাস্কফোর্সের দেয়া সুপারিশগুলো আমলে নেয়া যাবে কিনা তা বিবেচনা করে দেখা হবে।

শীতকালে কাতার বিশ্বকাপ আয়োজনের ফলে ইউরোপের লিগগুলোর সময় সূচিতে বিপর্যয় দেখা দিবে। এ জন্য প্রথম থেকেই উয়েফা এ বিষয়টি বিবেচনার জন্য দাবি জানিয়ে আসছিল। সেই সঙ্গে তারা ফিফাকে বয়কট করারও হুঁশিয়ারি দিয়েছিল।

জেডআই