দেশে ফিরছেন তামিমএশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের পিছু ছাড়ছে না ইঞ্জুরি। ইঞ্জুরির কারণে মঙ্গলবার দেশে ফিরছেন তামিম ইকবাল। মুশফিকুর রহীমেরও ইঞ্জুরি। তাই মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দলের বাংলাদেশের খেলা দেখতে হবে আফগানদের বিপক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীনই জানা গিয়েছিল, এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। তবুও শেষ মুহূর্তে ব্যাট হাতে মাঠে নামার মতো দুর্দান্ত সাহস দেখিয়েছিলেন তিনি। শনিবার প্রথম ম্যাচ হলেও সোমবার পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তামিমের ইনজুরি আপডেট নিয়ে কিছুই জানানো হয়নি।

শেষ পর্যন্ত সোমবার দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন স্বীকার করেছেন, চার মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো তামিম ইকবালকে। নতুন একজন শল্যবিদকে দেখানো হয়েছে তামিমের ইনজুরি। তার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া গেছে, কতদিন লাগবে তামিমের সুস্থ হতে। তবে জানা গেছে, অস্ত্রোপচার করা লাগবে না তামিমের বাম হাতের কব্জিতে।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই এবারের এশিয়া কাপে আর মাঠে নামতে পারছেন না তিনি।

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার ফলে আরব আমিরাতে থাকা হচ্ছে না তামিম ইকবালের। তিনি নিজেই বাংলাদেশের মিডিয়াকে জানিয়েছেন, মঙ্গলবার দেশে ফিরে আসছেন। তবে কখন, কোন ফ্লাইটে তিনি দেশে ফিরছেন সেটা জানা যায়নি।