এমন আগুনে ম্যাচ কবে দেখেছে প্রেমাদাসা? নানা বাঁক পেরিয়ে ম্যাচের একেবারে শেষ ওভারে ঘটনার ঘনঘটা। অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ছুটে গিয়ে স্কয়ার লেগের আম্পায়ারের কাছে জানতে চাইলেন, কেন পরপর উদানার দুই বাউন্সারে নো বল ডাকা হলো না?
দুই দুলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে গেল কথার লড়াই। তাতে যোগ দিলেন সাইড বেঞ্চের খেলোয়াড়েরাও। উত্তেজনায় ঠাসা পুরো প্রেমাদাসা। ৩৫ হাজার দর্শকের গগনবিদারী চিৎকারের চেয়ে বেশি জোরালো হয়ে উঠল সাকিব আল হাসানের চিৎকার-রিজার্ভ আম্পায়ারের কাছে বাংলাদেশ অধিনায়কের আবেদন, কেন নো বল দেওয়া হলো না, কেন? যথার্থ উত্তর না পেয়ে কঠিন এক সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক, দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আর রুবেল হোসেনকে ড্রেসিংরুমে ফিরে আসার ইঙ্গিত করেছিলেন। পরিস্থিতি ঠান্ডা করলেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। দুই ব্যাটসম্যানকে ম্যাচ শেষ করে আসার নির্দেশ দিলেন। সেনা পাহারায় ডাগ আউট থেকে সাকিবকে পাঠিয়ে দেওয়া হলো ড্রেসিংরুমে।
পরে যা হলো তা ইতিহাস! ১ বল বাকি থাকতে উদানাকে কবজির মোচড়ে ফ্লিক করে স্কয়ার লেগের ওপর দিয়ে গ্যালারিতে পাঠালেন। মাহমুদউল্লাহ মিলিয়ে দিলেন সব সমীকরণ। শুরু হলো বাংলাদেশের দলীয় নাগিন নৃত্য! তাতে যোগ দিল কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টও! সাকিব মাঠে ঢুকলেন গায়ের জার্সি খুলে—সব উত্তেজনা, তেজ যেন তাতে বাষ্প হয়ে বেরোল! কিন্তু আগুন তখনো নেভেনি! ড্রেসিংরুমে ফেরার পথে আবার কুশল মেন্ডিসের সঙ্গে লেগে গেল একাদশের বাইরে থাকা নুরুল হাসানের। পরিস্থিতি সামাল দিলেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ। ২২ গজে নখ কামড়ানো উত্তেজনা, মাঠের বাইরে আরেক লড়াই—কী এক ম্যাচ দেখল প্রেমাদাসা!





