শ্রীলংকার বিপক্ষে হেরেই দ্বাদশ এশিয়া কাপের লড়াই শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ফাইনাল ম্যাচে সেই লংকানদের বিপক্ষে শুধু প্রতিশোধ নয়; এশিয়ার রাজত্ব ধরে রাখতে মাঠে নেমেছে তারা। কিন্তু লংকানদের বোলিং ট্রামকার্ড লাসিথ মালিঙ্গার কাছে শুরুতেই ব্যর্থতার পরিচয় দেয় পাকবাহিনী। মাত্র ১৮ রান সংগ্রহ করতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। তবে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেন মিজবাহরা।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে টসজয়ী পাকিস্তান। লাসিথ মালিঙ্গার প্রথম তিন ওভারে তিনটি উইকেট হারায় তারা। প্রথম ওভারের শেষ বলে দলীয় ৮ রানে থিসারা পেরেরার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শারজীল খান (৮)।
মালিঙ্গার দ্বিতীয় ওভারে সাঙ্গাকারার তালুবন্দী হন আহমেদ শেহজাদ (৫)। তার তৃতীয় ওভারে সেই সাঙ্গার হাতেই ক্যাচ তুলে দেন মোহাম্মদ হাফিজ (৩)।
তবে ফাওয়াদ আলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন দলনেতা মিজবাহ উল হক। ধীর লয়ে চলা নীতিতে বিশ্বাসী মিজবাহ ৯৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় মাত্র ৬৫ রান করে আউট হন। ৩৬.৪ ওভারে বিদায় নিলে ফাওয়াদের সঙ্গে তার ১২২ রানের জুটি শেষ হয়।
দলনেতা চলে গেলেও খেলা শেষ করেই মাঠ থেকে বিদায় নেন ফাওয়াদ। শেষ বল পর্যন্ত টিকে থেকে ১৩৪ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ১১৪ রান করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দুই বল হাতে থাকতে সাজঘরে ফিরে যাওয়া উমর আকমল ৪২ বলে ৫৯ রান করে দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পাকিস্তানের পাঁচটি উইকেটই শিকার করেন লংকান বোলার লাসিথ মালিঙ্গা।