পাকিস্তানের ঘরোয়া ১৬ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বৃহস্পতিবার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে।

আইসিসি সম্প্রতি আজমলকে নিষিদ্ধ করে। ঘরোয়া ক্রিকেট ডিরেক্টর ইন্তিখাব আলম সাংবাদিকদের বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে ২৯ জন বোলারের সন্দেহজনক এ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে এবং তাদের মধ্যে অর্ধেক বোলারের বিরুদ্ধে দুই বার রিপোর্ট করা হয়েছে। তাই আমরা ১৬ জনকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করেছি।’

পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার বলেন, ‘এই বোলারদের কাউকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে দেয়া হবে না এবং তাদের বোলিং অ্যাকশন শোধরানোর জন্য ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হবে।’

ভিন্নভাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, বিশ্বের সেরা ওয়ানডে বোলার আজমলের অতি দ্রুত ফিরে আসার জন্য ‘প্রার্থনা’ করছেন তিনি।

তিনি বলেন, ‘সবার আগে আমার প্রর্থনা সে যেন বিশ্বকাপের আগে দলে ফিরতে পারে।’

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে আয়োজন করছে এ মেগা ইভেন্ট।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই