এর আগে জাপানের বিপক্ষে কোনো ম্যাচে হারের স্বাদ পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সেই রেকর্ড ভাঙল। অক্টোবর উইন্ডোর প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩–২ গোলে হেরেছে ব্রাজিল, যা দুই দলের জন্যই ঐতিহাসিক ম্যাচ।
দক্ষিণ কোরিয়াকে ৫–০ ব্যবধানে হারিয়ে সফর শুরু করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে পরের ম্যাচে প্রথমার্ধে দুই গোল লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে টানা তিন গোল হজম করে হারের মুখে পড়ে তারা।
এই পরাজয়ের পরই ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে ব্রাজিল। এটি ২০১৬ সালের আগস্টের পর তাদের সবচেয়ে নিম্ন অবস্থান। এবার পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৫৮.৮৫।
এর আগে বিশ্বকাপ বাছাইয়েও হতাশ করেছে ব্রাজিল। কনমেবল অঞ্চলে পঞ্চম হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হার—মোট ২৮ পয়েন্ট নিয়ে সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ, যা বাছাইপর্বে তাদের ইতিহাসে সর্বনিম্ন।
অন্যদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় স্থানে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল অপরিবর্তিত রয়েছে। ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস, আর ব্রাজিল নেমেছে সাত নম্বরে।
বাংলাদেশও র্যাঙ্কিংয়ে সামান্য উন্নতি করেছে। ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠেছে জামাল-হামজারা। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে ১–১ গোলে ড্র করায় তাদের পয়েন্ট বেড়েছে।
এনএইচ