তুমুল সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করতে ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ছিলেন ড্যাশিং ওপেনার তামিম। মারেননি কোনো ছক্কা। কিন্তু সেঞ্চুরি করেই ব্যাটে আগুন ঝরালেন তিনি।
দুটি ছক্কা আর পাঁচটি বাউন্ডারি হাঁকালেন। তার আক্রমণাত্নক ব্যাটিংয়ের সঙ্গী ছিলেন মাহমুদুল্লাহ। তিনিও দুটি বাউন্ডারি মেরেছেন। এই জুটি তিন ওভারেই ৪৩ রান তুলে নিয়েছেন। তামিম ৩৯তম ওভারেই ১৮ রান করেছেন।
এখন বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৫ রান।
এর আগে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেন তামিম। ১০৬ বলে ১৪টি বাউন্ডারি দিয়ে শতক সাজিয়েছেন এই ওপেনার।
রানে ফেরার দিনে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি।
মঙ্গলবার (০৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৯১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ৫০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারের ৪৮তম ফিফটি।
ফিফটিকে ১২তম সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়ার পথে ৭ হাজার রানের মাইলফলকের চূড়ায় ওঠেন ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। তাকে ৭ হাজারি ক্লাবে নাম লেখাতে খেলতে হয়েছে ২০৬ ম্যাচ ও ২০৪ ইনিংস। তার গড় ৩৫.৮৭। সর্বোচ্চ স্কোর ১৫৪।
এর আগে হাফসেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ৪৭ বলে পাঁচটি বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ফিফটি। এরপর বেশি দুর এগিয়ে যেতে পারেননি। আর পাঁচটি রান করেই ওয়েসলি মাধেভেরের বলে টিনোটেন্ডা মুতোম্বোজির তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন।
মুশফিকের আগে তামিমের সাথে ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরেন নাজমুল হাসান শান্ত। আর শুরুতে ফিরেন লিটন দাস।
টস জিতে দুপুর ১টায় সিলেট স্টেডিয়ামে ব্যাট করতে নামে মাশরাফিরা। আজ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেয়া হয়েছে শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), শেন উইলিয়ামস (অধিনায়ক), টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, কার্ল মুম্বা ও চার্লটন শুমা।
এমবি





