আইসিসি বিশ্বকাপের ১১তম আসরে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের শীর্ষ ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। ৩৬৫ রান নিয়ে তালিকায় ৯ নম্বরে রয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন রানার্স-আপ নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৯ ইনিংস ব্যাট করে ৫৪৭ রান সংগ্রহ করেছেন তিনি।

এদিকে বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরি করা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৫৪১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। তার দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। তিনি ৭ ইনিংস ব্যাট করেছিলেন।

সাত ইনিংস ব্যাট করে ৪৮২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সেমি-ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর মাত্র ৬ ইনিংস ব্যাট করে ৪৩৩ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন। সেমি-ফাইনালে বিদায় নেয়া ভারতের শিখর ধাওয়ান ৪১২ রান করে পঞ্চম স্থানে আছেন।

শীর্ষ দশের বাকিরা হলেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৪০২), শ্রীলঙ্কার দিলশান (৩৯৫), দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসিস (৩৮০), বাংলাদেশের মাহমুদুল্লাহ (৩৬৫) ও পাকিস্তানের মিজবাহ (৩৫০)।

জেডআই