মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পুরুষদের এই লড়াইয়ে ব্যাট হাতে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে টাইগাররা। বসে নেই বাংলার নারীরাও। একই দিনে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছেন তারা। এখানেও প্রতিপক্ষ পাকিস্তান। পুরুষরা মিরপুরে জিতবে কিনা তা এখনো বলা না গেলেও কক্স বাজারে ঠিকই জয় পেয়েছে নারী টাইগাররা।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সালমা খাতুনরা। শুরুটা ভালো করতে না পারলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের কৃতিত্বে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে রুমানা আহমেদ সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া নুঝাত তাসনিয়া ও শায়লা শারমীন ২৬ রান ও ২২ রান করে মাঠ থেকে বিদায় নেন। পাকিস্তানের বোলার কানিতা জলিল সর্বোচ্চ তিনটি উইকেট পান।
ব্যাট হাতে বেশি সফল না হতে পারলেও বল হাতে বেশ উজ্জল ছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। লতা মন্ডল ও জাহানারা আলমের বোলিং তোপে মাত্র ৪৪.১ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। শুরু থেকে ব্যাটিং সমস্যা ভোগা পাকদের এই স্কোরে গুরত্বপূর্ণ অবদান রাখেন আসমাভিয়া ইকবাল (৪০)। এছাড়া বিসমাহ মারুফের ১৫ রানই উল্লেখযোগ্য। বাংলাদেশের বোলার লতা ৪টি ও জাহানারা ৩টি উইকেট নেন। আর দলনেতা সালমা পান ২টি উইকেট।