বৈরী কন্ডিশনে সফল হতে হলে পরিকল্পনার বিকল্প নেই। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম সেটাই বলছেন সংবাদ সম্মেলনে।
হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরির পরও ২৩৪ রানে অলআউট বাংলাদেশ দল। তামিম একাই করেছেন ১২৬ রান, বাকি ১০ জনের সংগ্রহ ১০৮।
জবাবে জিত রাভেল এবং টম লাথামের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৫১ রান।
ক্যারিয়ারের নবম এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করা তামিম নিজের ব্যাটিং নিয়ে বলেন, একটি পরিষ্কার পরিকল্পনা ছিল আমার। পরিকল্পনা হলো, যদি সাুযােগ পাই, তাহলে শট খেলার চেষ্টা করব। সৌভাগ্যবশত শুরুতেই কিছু বাউন্ডারি পেয়ে যাই। এরপর নিজের চাওয়ামতো ব্যাট করে গেছি।
বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে নিউজিল্যান্ড সফরে যান তামিম ইকবাল। সফরের শুরুতে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মাত্র ১০ রান করা তামিম, টেস্ট সিরিজের শুরুতেই পেলেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ বলে ফিফটি করা দেশসেরা এই ওপেনার সেঞ্চুরি করেন ১০০ বলে।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, উইকেট ছিল দারুণ, আমাদের উচিত ছিল এর চেয়ে অনেক বেশি রান করা। দিনশেষে নিজেদেরই দায় নিতে হবে। সারাদিন ব্যাট করলে হয়তো সাড়ে ৩০০-৪০০ রান করে ফেলতাম আমরা।
এবিসিদ্দিক





