টাইগারদের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ১১৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি।

শুক্রবার (০৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এই সিরিজের প্রথম ম্যাচে লিটন করেছিলেন ১২৬ রান।

আজ লিটনের সেঞ্চুরির পরই নেমেছে বৃষ্টি। তাই আপাতত খেলা বন্ধ রয়েছে।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত লিটনের ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ১০২ রান। ৭৯ রান করে অপরাজিত আছেন তামিম ইকবাল।

বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে বিনা উইকেটে ১৮২ রান।

শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন তামিম-লিটন।

এই দুই টাইগার ওপেনার ২১ বছরের রেকর্ড ভেঙেছেন। এখন পর্যন্ত এই দুই ওপেনার ১৮২ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে ওপেনিংয়ে এটিই এখন সর্বোচ্চ রানের জুটি।

এর আগের রেকর্ডের মালিক ছিলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন। ১৯৯৯ সালের ২৫ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তারা ১৭০ রানের পার্টনারশিপ করেছিলেন। এই জিম্বাবুয়ের বিপক্ষেই শাহরিয়ার-মেহরাবের জুটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন তামিম-লিটন।

সিরিজের প্রথম ম্যাচে ১৬৯ রানে ও দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। তাই টাইগাররা যদি আজ জিততে পারে তাহলে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ হবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্দা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

এমবি