বিশ্বকাপ ক্রিকেটের একদাশতম আসরে ব্যাট-বলের লড়াইয়ের বাকি আর মাত্র ১ দিন। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এরই মধ্যেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে এগারতম আসরের উদ্ধোধন হয়ে গেছে বৃহস্পতিবার।

বাংলাদেশে বিশ্বকাপের হাইপ তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩ ভেন্যুতে আয়োজন করেছে কনসার্ট।

‘এগিয়ে চলো বাংলাদেশ’—এমন স্লোগানে বিসিবির এই কনসার্ট ইতোমধ্যে খুলনা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে গত দুই দিনে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ কনসার্টটি।

এই কনসার্টে গান পরিবেশন করবেন বাপ্পা এ্যান্ড ফ্রেন্ডস, ওয়ারফেজ, মাইলস, এলআরবি ও মমতাজ। বিশ্বকাপের জন্য বানানো থিম সং দিয়ে শুরু হবে এই আয়োজন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এই কনসার্টটি। তবে ঢাকার কনসার্টকে ঘিরে তেমন কোনো উন্মাদনা লক্ষ্য করা যায়নি ক্রিকেট ভক্তদের মাঝে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্যালারির অনেক টিকেটই অবিক্রিত থেকেছে। বিসিবি সভাপতির মতে, দর্শকদের মধ্যে বিশ্বকাপের হাইপ তৈরি করতেই এমন আয়োজন।

অবশ্য আয়োজক কমিটির কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার টিকেট বিক্রয় আশানুরূপ না হলেও শুক্রবার কনসার্ট শুরু হওয়ার আগেই পুরো গ্যালারির টিকেট বিক্রয় হয়ে যাবে।

ঢাকায় টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০, ৫০০ ও ১০০০ টাকা। ১০০০ টাকার টিকেটধারীরা মাঠে বসে কনসার্টটি দেখার সুযোগ পাবেন। বাকিদের গ্যালারিতে বসে তা উপভোগ করতে হবে।

প্রেসবক্সের প্রান্ত থেকে কনসার্টের জন্য স্টেজ বানানো হয়েছে। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দর্শকদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। সেক্ষেত্রে হোম অব ক্রিকেট যে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই বিষয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দর্শকদের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে শুক্রবার বেলা দেড়টার দিকে। তার এক ঘণ্টা পরই শুরু হবে দর্শকদের মধ্যে বিশ্বকাপের হাইপ তুলতে আয়োজিত কনসার্টটি। শুক্রবার অনুষ্ঠানের আগে বিসিবি একাডেমী ভবনে টিকেট পাওয়া যাবে।

এমকে