ক্রিকেট মাঠে অশোভন অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে শাস্তির আওতায় আনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য বার্তা আসছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ে।
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে বসে সাকিবের ওই অশোভন অঙ্গভঙ্গির দৃশ্য টেলিভিশন ক্যামেরার বদৌলতে সরাসরি অবলোকন করেছে বাংলাদেশসহ দেশ-বিদেশের অগণিত দর্শক। ম্যাচে ৬১ রানে হেরে সিরিজটিও হাতছাড়া করে টাইগাররা। শুক্রবার বোর্ডের শৃংখলা কমিটির বৈঠকে সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি অর্থ দণ্ডও করা হয়েছে।
আর মাত্র দু’দিন পর শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপ ক্রিকেটের মত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশেরই মাটিতে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসানের মত জনপ্রিয় তারকা খেলোয়াড়ের বিরুদ্ধে এমন একটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা বিসিবির জন্য বেশ কঠিনই ছিল। কিন্তু তারপরও একটি সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি বোর্ড। শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিসিবির নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন পাপন এই বার্তাও পাঠালেন যে আইসিসি ও বিসিবির কোন নিয়ম ভাঙলে কাউকেই ছাড় দেয়া হবে না। এমনকি জাতীয় দলের খেলোয়াড়কেও নয়। এক বার্তায় তিনি খেলোয়াড়দের আরো জানিয়েছেন যে তারা হচ্ছেন দেশ ও জাতির প্রতিনিধি। তাই তাদের দ্বারা এমন কোন কাজ করা উচিৎ নয়, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
এক দিক থেকে এর মাধ্যমে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও শিক্ষা নেবেন যে, যেহেতু অন্যায় করে তারকা খেলোয়াড় পার পায়নি, সেহেতু তারাও কোন রকম অন্যায় করে পার পাবেন না।
গত বিশ্বকাপ ক্রিকেট চলাকালে মিডিয়ার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেও পার পেয়ে গিয়েছিলেন সাকিব। তবে এবার সাকিবকে নিষিদ্ধ করার মাধ্যমে বোর্ড প্রমাণ করল, খারাপ আচরণের বিপক্ষে শাস্তি গ্রহণের ব্যাপারে কোন রকম ছাড় দেবে না তারা। এর মাধ্যমে ক্রিকেটাররা শিখল যে কেউই আইনের উর্ধ্বে নন।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচসহ আসন্ন এশিয়া কাপের দু’টি ম্যাচে হয়তো সাকিবের সার্ভিস থেকে বঞ্চিত হবে। কিন্তু এর মাধ্যমে অন্য বোর্ডগুলোও অনুপেরণা লাভ করবে। তারা ও যে কোন মুল্যে এই খেলাটিকে সব ধরনের কুলশিত হবার হাত থেকে রক্ষা করার জন্য সচেষ্ট হয়ে ওঠবে।
এদিকে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচের আগেরদিন শুক্রবার বিসিবির শৃঙ্খলা কমিটি সাকিব আল হাসানকে তাদের সামনে হাজির হবার নির্দেশ দেয়। তার উপস্থিতিতেই শুনানি সম্পন্ন হয়। সেখানে সাকিব আল হাসান তার অপরাধ স্বীকার করে নেন। শুনানি শেষে আজকের (শনিবার) ম্যাচ এবং এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি। ওই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ভারত ও আফগানিস্তান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে টেলিভিশন ধারাভাষ্যকাররা যখন সাকিবের উইকেটটি নিয়ে কথা বলছিলেন তখন ক্যামেরা তাক করা হয় বাংলাদেশ দলের খেলোয়াড়দের দিকে। যেখানে অন্য খেলোয়াড়দের সঙ্গে সাকিবও ছিলেন। এ সময় খারাপ শট খেলার জন্য ধারাভাষ্যকাররা সাকিবের দোষারোপ করছিলেন। যে কারণে দলকে সংকটে ফেলে দিয়েছে। এ সময় সাকিবের আউট হবার দৃশ্য রিপ্লেতে আবারো দেখানোর পর ক্যামেরা যখন সাকিবের দিকে তাক করছিল তখনই অশালিন অঙ্গভঙ্গি করেন সাকিব। যা সরাসরি সম্প্রচারিত হয়। একই সঙ্গে স্টেডিয়ামে স্থাপিত জায়ান্ট স্ক্রিনেও ওই দৃশ্যটি প্রদর্শিত হয়।-বাসস
খেলা
ধন্যবাদ পেতে পারেন বিসিবি সভাপতি
ক্রিকেট মাঠে অশোভন অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে শাস্তির আওতায় আনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য বার্তা আসছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ে।





