আইসিসি বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে। আগামী ২৫ ও ২৬ জুলাই এই দুই দিন ট্রফিটি বাংলাদেশে থাকবে। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোতে বিশ্বকাপ ট্রফিটি পরিদর্শন করবে। এরই অংশ হিসেবে এটি বাংলাদেশে আসবে।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

চার মাসে ১২টি দেশ ভ্রমন করার পর ট্রফিটি ৬ নভেম্বর মূল আয়োজক দু’দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পৌঁছবে। মেলবোর্নে যাওয়ার পর ৬ নভেম্বর থেকে ১০০ দিনের ক্ষণগণনা শুরু হবে।

আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন বলেন,‘বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রতিটি ক্রিকেটারের জন্যে একটি স্বপ্ন। আসন্ন বিশ্বকাপের আগে সকল দলকে এই ট্রফি দেখানো হবে। দুটি সুন্দর দেশে এই আয়োজন হতে যাচ্ছে।’

প্রায় ১১ কেজি দিয়ে তৈরি করা ট্রফিটি লম্বায় ৬০ সেন্টিমিটার। এটাতে ব্যবহৃত হয়েছে রৌপ্য ও সোনা, মাঝখানে সোনালী পৃথিবী ও তিনটি রূপার স্তম্ব। এটি তৈরি হয়েছে লন্ডনের গাররার্ড এন্ড কোম্পানিতে।

বাংলাদেশে ট্রফি আসার আগে শ্রীলঙ্কা ৪-৬ জুলাই থাকবে। এরপর ভারত থাকবে ১৯-২৩ জুলাই।