বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুরের শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
দ্বিতীয় কোয়ালিফায়ারের একাদশ অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে রীতিমত উড়িয়ে দিলেও অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে নামা হচ্ছে না খুলনার।
পারিবারিক কারণে সাকিব আল হাসানের দল ছাড়ায় এমনটা হতে যাচ্ছে তা জানা ছিল আগে থেকেই। যার ফলে এক পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে হচ্ছে খুলনাকে। শিরোপা জেতার মিশনে সাকিবের জায়গায় পেসার শহিদুল ইসলামকে অন্তর্ভুক্ত করে একাদশ সাজিয়েছে দলটি।
চলমান প্রতিযোগিতায় ইতোমধ্যে তিনবার মুখোমুখি হয়েছে এ দুই দল। যেখানে চট্টগ্রামের দুই জয়ের বিপরীতে একবার জয়ের মুখ দেখেছে খুলনা। ডাবল রাউন্ড লিগের দুই ম্যাচে চট্টগ্রাম দাপুটে জয় তুলে নিলেও প্রথম কোয়ালিফায়ারে দলটিকে রুখে দেয় খুলনা। ম্যাচটিতে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা।বিডিক্রিকটাইম
জেমকন খুলনা একাদশ: জাকির হাসান, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামীম হোসেন, মাশরাফি মুর্তজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
এমবি





