বাংলাদেশজুড়ে এখন এক আতঙ্কের নাম মশা। এডিস মশার জীবাণুবাহিত রোগ ডেঙ্গু জ্বর ইতিমধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। পুরো ঢাকা শহরজুড়েই এখনো রয়েছে মশার প্রজননস্থল।
হাসপাতালে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ভিড়। ডেঙ্গু ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন এলাকায়। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় মানুষ ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশক নিধন পণ্য ক্রয় করছে।
চাহিদাও বেড়েছে প্রচণ্ড আকারে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশা মারার স্প্রে, কয়েল, মশারি ও বৈদ্যুতিক ব্যাটের দাম। এসব পণ্য কিনতে বিভিন্ন মার্কেটে গ্রাহকদের ভিড়ও লক্ষ্য করা গেছে। বিশেষ করে যেসব পরিবারে শিশুসন্তান রয়েছে, তারা বেশি কিনছেন বলে জানা গেছে।
ডেঙ্গু নিয়ে সচেতনতার বুলিও কম যাচ্ছে না তবে বিশেষজ্ঞরা বলছেন মশার জীবাণুবাহিত রোগ ডেঙ্গু জ্বর ইতিমধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা যদি মশার প্রজননস্থল পরিষ্কার না করি তাহলে মশা কমবে না।
এডিস মশার বিস্তারে সহায়ক এমন কিছু জায়গা।
গুলশান লেক
ঢাকার অভিজাত এলাকা গুলশানের লেকটিও মশা প্রজননের অন্যতম জায়গা৷ এ লেকেও দেয়া হয় না মশার ওষুধ৷ ফলে সেখানেও জন্ম নিচ্ছে মশা।
নোংরা হাতিরঝিল
ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হাতিরঝিল এখন মশার অন্যতম প্রজনন কেন্দ্র৷ জায়গাটিতে নিয়মিত মশার ওষুধ না ছিটানোয় ঝিলের বিভিন্ন অংশে জন্ম নিচ্ছে মশা।
নির্মাণাধীন ভবন
ঢাকা শহরের সব জায়গাতেই চলছে ভবন নির্মাণ৷ নির্মানাধীন এসব ভবনের বিভিন্ন অংশে জমে থাকা পানি এডিস মশা জন্ম নেয়ার উপযুক্ত জায়গা৷ বেশিরবাগ ভবনের মালিকরা এ বিষয়ে এখনো বেশ উদাসীন।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পানি
তীব্র গরমের কারণে সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার৷ কিন্তু অনেক ভবনে ব্যবহৃত এসব যন্ত্র থেকে নির্গত পানি সরাসরি খোলা জায়গায় পড়ে৷ ফলে জমে থাকা এসব পরিস্কার পানিতে জন্ম নেয় এডিস মশা।
ছাদে জমা বৃষ্টির পানি
বৃষ্টির মৌসুমে ঢাকার অনেক ভবনের ছাদে জমে থাকে বৃষ্টির পানি৷ ভবন মালিকরা এসব পানি পরিস্কার না করায় সেখানে জন্ম নিচ্ছে মশা।
পানির ট্যাঙ্ক থেকে নির্গত পানি
ছাদে বসানো পানির ট্যাঙ্ক অনেক সময় উপচে পড়ে ছাদে জমে পানি৷ দীর্ঘ সময় এ পানি জমে থেকে জন্ম নিতে পারে এডিস মশা।
যত্রতত্র প্লাস্টিক বর্জ্য
ঢাকা শহরে প্লাস্টিক বর্জ্য ফেলা হয় যত্রতত্র৷ নানা রকম প্লাস্টিক বর্জ্যে বৃষ্টির পানি জমে সেখানেও জন্ম নিতে পারে মশা।
ডাস্টবিনে জমে থাকা পানি
পরিচ্ছন্ন ঢাকা গড়তে দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল ডাস্টবিন৷ কিন্তু এগুলো তদারকি করে না কেউই৷ ঢাকার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসানো এসব ডাস্টবিনের ভেতরে প্রায়ই জমে থাকে বৃষ্টির পানি৷ এ জায়গাগুলো তাই এডিস মশা জন্মানোর উপযুক্ত জায়গা।
ডাবের খোসা
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয় ডাবের খোসা৷ এসব ডাবের খোসায় জমে থাকা বৃষ্টির পানিতেও জন্ম নিতে পারে এডিস মশা।
ফুলের টবে জমা পানি
ঢাকা শহরের বেশিরভাগ বাড়ির ছাদ কিংবা বারান্দায় শখের বশে নানা রকম গাছ লাগান বাসিন্দারা৷ এসব গাছের টবে জমে থাকা বৃষ্টির পানি নিয়মিত পরিস্কার না করায় সেখানে জন্ম নিচ্ছে এডিস মশা।
ভবনের পাশের পরিত্যক্ত জায়গা
ঢাকা শহরের সবজাগাতেই বিভিন্ন ভবনের পাশের পরিত্যক্ত জায়গা রয়েছে৷ এসব জায়গা থেকে ভবন থেকে নির্গত পানি ছাড়াও বৃষ্টির পানি জমে থাকা৷ এসব জায়গার পানি নিয়মিত পরিস্কার না করায় সেখানে জন্ম নিচ্ছে এডিস মশা৷ এসব জায়গার প্রতি বিষেশ নজর দেয়ার আহবান।
এএস





