বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করা হচ্ছে। এ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ইতোমধ্যে একাধিক আলোচনা ও পরামর্শ হয়েছে।
তিনি বলেন, জেলা পর্যায়ে গিয়ে স্থানীয় নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের একই প্ল্যাটফর্মে আনা হবে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
এ জন্য কারিগরি দক্ষতা সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতকে এ উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে।
মাহ্দী আমিন বলেন, সমাজের কোনো নাগরিক যাতে জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের অন্যতম অগ্রাধিকার। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, কর্মসংস্থান বিনিময় ব্যবস্থা প্রথমে বিভাগীয় পর্যায়ে শুরু হয়ে পরবর্তী সময়ে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত হবে।
জাতীয় সম্মেলনে মাহ্দী আমিন জানান, স্বাস্থ্য খাতে শিগগিরই ১ লাখ নতুন পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার কথা জানান তিনি।
প্রান্তিক মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের নারীদের স্বনির্ভরতা ও সামাজিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা ও আবহাওয়ার পূর্বাভাস সরাসরি পৌঁছে দেওয়া হবে।
মাহ্দী আমিন জানান, পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিন্ন পোশাক চালুর পরিকল্পনা রয়েছে। শহরের উন্নত বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষাব্যবস্থার সুবিধা গ্রামের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এ খাত বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। দেশীয় সম্পদ আহরণ ও বৈদেশিক বিনিয়োগ বাড়িয়ে মধ্যমেয়াদে এ সংকটের টেকসই সমাধানের চেষ্টা চলছে।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, সংসদ সদস্য মাধবী মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এস