টেকনাফে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লালের মরদেহ উদ্ধার হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত পয়েন্ট দিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।
বিজিবি সদস্য বেলাল শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সঙ্গে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪টি ম্যাগজিন থাকার তথ্য পাওয়া গেলেও মৃতদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, শুক্রবার (২১ মার্চ) মধ্যরাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্যসহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালান। এক পর্যায়ে রোববার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১২টায় শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকতের নৌঘাট দিয়ে মরদেহটি নিয়ে আসা হয়।
কূলে তোলার পর গাড়িযোগে বিল্লালের মরদেহটি বিজিবি নিয়ে যায় বলেও জানান তিনি।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি কূলে নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্য নিখোঁজ হন।
এমএম