রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।
দগ্ধরা হলেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং নুর মোহাম্মদ (৩৫), যিনি কারখানার নিরাপত্তা তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
দগ্ধ শ্রমিক আলআমিন জানান, সকালে আমরা কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করছিলাম। হঠাৎ গ্যাস লাইন থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এতে আমরা ছয়জন দগ্ধ হই। পরে সহকর্মীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আপাতত কারও শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে তা বলা যাচ্ছে না, ড্রেসিং প্রক্রিয়া চলছে।
ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর কারণ জানা যাবে।
এনএইচ