গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম (৩৫) নামে এক জামায়াত নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

নিহত নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মুদি দোকানের ব্যবসা করতেন।

জানা গেছে, তাকে শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা হত্যা করে তার দোকানের পাশে ফেলে রেখে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন নজরুলের লাশ দেখে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এদিকে গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা: আব্দুর রহিম সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন। তিনি এক বিবৃতিতে অবিলম্বে নজরুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

এনএইচ