বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোরে শুরু হওয়া ওই অভিযানে দুপুর পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে র‍্যাবের ৮ থেকে ৯ জন সদস্য আহত হয়েছেন।

অভিযান চলাকালেই বিকেল ৩টার দিকে থানচির লিক্রি সীমান্ত সড়কে তমা-তুঙ্গী পর্যটন স্পট এলাকায় সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন র‍্যাবের প্রধান এম খুরশীদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০২২ সালের আগস্ট মাসে কুমিল্লা থেকে ৮ তরুণ নিখোঁজ হয়। নিখোঁজদের পরিবার কুলিল্লা সদর থানায় জিডি করে। ওই জিডির সূত্র ধরে র‍্যাব তাদের খুঁজে বের করতে গিয়ে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সন্ধান পায়।

‘পরে আমরা জানতে পারি নিখোঁজদের নিয়ে জঙ্গি সংগঠনটি পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ৩ অক্টোবর বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করি। এখন পর্যন্ত আমরা ৩১ জন জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

র‍্যাব প্রধান বলেন, ‘আমরা তথ্য পেলাম থানচিতে জঙ্গিরা আবার জড়ো হচ্ছে। আজ (মঙ্গলবার) সকালে তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়। এখনও গোলাগুলি চলছে। এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’

তিনি বলেনম ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার করতে করতে জঙ্গিদের গোলাবারুদ শেষ হওয়ার অপেক্ষায় আছি আমরা। উদ্দেশ্য, ওদেরকে যেন অক্ষত অবস্থায় আমরা গ্রেপ্তার করতে পারি। একজন জঙ্গি থাকলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এইচএম