রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের চাপে মৌখিক পরীক্ষা ও ক্লাস বন্ধ করে দিয়েছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজ।

তিনি বলেন, পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের অনুরোধে আপাতত কলেজের সার্বিক কাজ স্থগিত রাখা হয়েছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।

এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি। দ্রুতই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ ড. দিলারা হাফিজ।

কলেজ প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সমাজকর্ম, ইতিহাস ও গণিত বিষয়ে স্নাতকোত্তর শ্রেণির ভর্তির মৌখিক পরীক্ষা ছিল। গত কয়েকদিন ধরেই এই পরীক্ষা চলছিল।

অধ্যক্ষ ড. দিলারা হাফিজ বলেন, হঠাৎ করে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়ায় সাময়িকভাবে কলেজের কার্যক্রম ব্যহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই পদ বঞ্চিত ছাত্রলীগ কর্মীরা কলেজের অবস্থান নিয়েছে। এর আগে কলেজের গেটে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

এসময় কলেজে আসা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে কলেজে প্রবেশ না করেই ফিরে যেতে দেখা গেছে।

কলেজের কয়েকজন শিক্ষক জানান, সকাল থেকেই পদ বঞ্চিত নেতারা কলেজ প্রশাসনকে শিক্ষা কার্যক্রম বন্ধের জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে আকস্মিকভাবে কলেজের সার্বিক কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, তারা নিজেদের দলের স্বার্থ নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত করছে। আমরা তো রাজনীতি করি না। তাহলে আমরা কেন এর বলি হবো।

সোমবার সন্ধ্যায় ২ সদস্য বিশিষ্ট কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটিতে কাজী মিরাজুল ইসলাম ডলারকে সভাপতি ও মানিক হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এরপর থেকেই কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের সড়কে অবরোধ, গাড়ি ভাংচুর করছেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ