আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ (২৩ মার্চ) শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিমা অর্ণি প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন।

পরে জিএস গোলাম রাব্বানী সভাপতির কাছে এই প্রস্তাব তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন এজিএস সাদ্দাম হোসেন।

প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাবের বিষয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদক আখতার হুসেন।

ঢাবি উপাচার্য (ভিসি) আখতারুজ্জামান বলেন, যে প্রস্তাব উঠেছে তা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবনের সদস্য করার বিষয়টি আগামী সভায় চূড়ান্ত করা হবে।

এর আগে বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনের দ্বিতীয় তলায় ডাকসুর কার্যকরী সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।  

এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। আজ সবাই নিজ নিজ রুমে বসবেন।  

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

উল্লেখ্য, গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর শনিবার (২৩ মার্চ) এই মেয়াদের প্রথম কার্যকরী সভার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করবে ডাকসু। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

এমবি