অভ্যন্তরীন কোন্দলে জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতার মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই ছাত্রলীগ নেতারা একে অপরকে কুপিয়ে গুরুতর আহত করে।

আহতরা হলেন, রাবি ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি ও সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থী আতিকুর রহমান আতিক এবং ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ কৌশিক।

এদের মধ্যে আতিককে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং কৌশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ কৌশিক ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান আতিকের কাছে টাকা পেত।

বিকাল সাড়ে ৪টার দিকে কৌশিক পাওনা টাকার জন্য ফোন করে আতিককে মাদার বখশ হলের সামনে আসতে বলেন। আতিক মোটরসাইকেল যোগে হলের সামনে আসলে কৌশিকের সাথে কথাকাটাকাটি হয়।

কথাকাটাকাটির এক পর্যায়ে কৌশিক রড দিয়ে আতিকের মাথায় আঘাত করে। আতিকও তার কাছে থাকা চাপতি দিয়ে কৌশিকের পিঠে কোপ দেয়। এ সময় পুলিশ এসে উভয়কে আহতাবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়।

তবে তারা উভয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন গ্রুপের ক্যাডার বলে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন আতিক। তার মাথায় দুটি সেলাই দেয়া হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, ‘দুই নেতার মধ্যে মারামারির বিষয়টি শুনেছি। তবে কি নিয়ে মারামারি হয়েছে তা জানা যায় নি।’

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ব্যাক্তিগত দ্বন্দ্বে ছাত্রলীগের দুই নেতার মধ্যে মারামারি হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।’ ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও রড উদ্ধার করা হয়েছে হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এআর