বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি আশরাফ মিল্টনকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার রাতে মোবাইল চোর, গাঁজাখোর অপবাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হলে তাকে এ নির্যাতন করা হয়।

জানা যায়, বুধবার রাতে মোবাইল চোরের অপবাদ দিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি আশরাফ মিল্টনকে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হলের গেস্টরুমে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে সেখানে তাকে ঘন্টাব্যাপী নির্যাতন করা হয়। পরবর্তীতে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিল্টনকে উদ্ধার করেন।

এদিকে মিল্টনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাত করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকার, প্রক্টর প্রফেসর ড. হারুন অর-রশিদসহ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক কিশোর আহমেদ, সহ-সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) শাখার সাধারণ সম্পাদক প্রেমাংশু মজুমদার উপস্থিত ছিলেন।

পরবর্তীতে হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের বিচারের আশ্বাসে হলে ফিরে যান। এ হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ