ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের এক শিক্ষিকা। অকথ্য ভাষায় গালিগালাজ এবং সবার সামনে ছাত্রলীগ নেত্রী দ্বারা লাঞ্ছিত হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় গার্হস্থ্য অর্থনীতি কলেজের ওই শিক্ষিকা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন শিক্ষক হওয়া সত্ত্বেও ছাত্রলীগের ওই নেত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করেছে।

ছাত্রলীগ ওই নেত্রীর নাম মাসুমা আকতার পলি। তিনি সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কলেজের হোম ম্যানেজমেন্ট এন্ড হাউজিং বিভাগের মাস্টার্সের ছাত্রী।

সূত্র জানায়, মঙ্গলবার দুপরে প্রতিদিনের মতো কলেজে আসেন ওই শিক্ষিকা। এসময় ছাত্রলীগ নেত্রী মাসুমা আকতার পলিসহ বেশ কয়েকজন নেত্রী ওই শিক্ষিকার কাছে আসেন। শিক্ষিকা ছাত্রলীগ নেত্রীকে মানসিক টর্চার করেছে এমন অভিযোগ এনে ছাত্রলীগ নেত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় কলেজের বেশ কয়েকজন শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা ছিলেন।

ওই শিক্ষিকা কিছু বলতে চাইলেও ছাত্রলীগ নেত্রী তাকে থামিয়ে দেন এবং শিক্ষিকার শরীর ‘গন্ডারের চামড়া”’ বলে উলে¬খ করেন। এতে ওই শিক্ষিকা ক্ষুব্ধ ও অপমানিত হয়ে তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষ বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ শামসুন্নাহারকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।

তবে ছাত্রলীগের ওই নেত্রী এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুমা আকতার পলি বিষয়টি অস্বীকার করে শীর্ষ নিউজকে জানান, কোনো শিক্ষিকার সঙ্গে তার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে তা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।’ সূত্র: শীর্ষ নিউজ

ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ