ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে আন্দোলনকারীদের প্রতিহত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তা চাইবে ঢাবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শহীদ মিনারের মূল বেদিতে কোনো ধরনের আন্দোলন করা যাবে না, এটা হাইকোর্টের নির্দেশ। আর পুরো শহীদ মিনার প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া কোনো আন্দোলন বিধিসম্মত নয়। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনোরকম অনুমতি না নিয়ে সেখানে প্রতিনিয়ত আন্দোলন করছে। আমরা তাদের নিষেধ করা সত্ত্বেও তা করে যাচ্ছে। সে জন্য আমরা পুলিশের সহায়তা কামনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর বৃহস্পতিবার সকালে চিঠি পাঠাব। আশা করছি, শহীদ মিনারের ভাবগাম্ভীর্য বজায় রাখতে পুলিশ আমাদের সহায়তা করবে।
এ বিষয়ে আন্দোলনে অংশ নেয়া নটরডেম কলেজের শিক্ষার্থী তানজীদ ইবনে কবীর বলেন,আমরা জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অনুমতি দেবে না, তাই অনুমতি চাইনি। আমরা মনে করি, এটি একটি অধিকার আদায়ের আন্দোলন। সুতরাং আমাদের পাশে মিডিয়া এবং পুলিশ থাকবে।
এর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে অবস্থান ও অনশনকারীদের শহীদ মিনার এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।
কেএইচ





