বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টসহ একাধিক অভিযোগে ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে জিডি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রেজিস্ট্রার বাদী হয়ে বুধবার দুপুর ২টায় এ জিডি করেন।

যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তারা হলেন- ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আহমেদ মাহফুজ সাজন ও সজিবুল ইসলাম সজীব।

জিডিতে উল্লেখ করা হয়- বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট, গাড়ি ভাঙচুর, ভিসি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, শিক্ষকদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরামের নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য দিয়ে লিফলেট বিতরণ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষে চাকরিপ্রত্যাশী বহিরাগতদের সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় এ জিডি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ইবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শরিফুল হক জনক জিডির বিষিয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও অভিযুক্ত ছাত্রলীগ নেতা সজিবুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র বহন, প্রকাশ্যে অস্ত্রবাজি, শিক্ষক পেটানো, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের গাড়িতে অগ্নিসংযোগ, চাঁদাবাজি, পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদল নেতাকর্মীর ওপর গুলিবর্ষণ, পুলিশ পেটানো, অবৈধ ব্যবস্যাসহ অর্ধশত অভিযোগ রয়েছে।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ